জরুরী সেবায় অন্তর্ভূক্ত হলো টেলিকম-ইন্টারনেট

২৪ মার্চ, ২০২০ ২১:৩৭  
টেলিফোন ও ইন্টারনেট সেবা-কে জরুরি পরিসেবা হিসেবে ঘোষণা করলো সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এরআগে এমটব ও আইএসপিএবি গত ২২ মার্চ টেলিকম বিভাগের কাছে এ বিষয়ে আবেদন করে। এর পরিপ্রক্ষিতে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের মন্ত্রী মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টাকে বিষয়টি অবহিত করেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার পরিপ্রেক্ষিতে তারা ইতিবাচকভাবে বিষয়টি দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, এই নির্দেশনার ফলে করোনার প্রভাবে লকডাউন এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবার যানবাহন চলবে।
এদিকে উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে দেশব্যাপী করোনা ভাইরাস রোগ (কোভিড ১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং ব্যাপক বিস্তার প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেয়া পদক্ষেপের মধ্যে জরুরী পরিসেবা হিসেবে ‘টেলিকম’ ও ‘ইন্টারনেট সেবা’ চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। সূত্রমতে, এই চিঠিটি ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি-কে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।  একইসঙ্গে  টেলিযোগাযোগ সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানিকে যানবাহনে লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অনুলিপি রাখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে যানবাহনে থাকা চালক ও কর্মীদের পরিচয়পত্রসহ চলাচল করতে বলা হয়েছে।